প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ১ কোটি ৩৬ লাখ টাকা অনুদান দেওয়ার সমালোচনা করেছে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।
শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিব সংগঠনের পক্ষ থেকে এই প্রতিক্রিয়া জানান।
তিনি বলেন, আমরা মনে করি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় ৪২ হাজার শিক্ষার্থীর অধিকাংশই আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের। অনেক শিক্ষার্থীই টিউশনি করে সৎ পথে জীবনযাপন করে থাকেন। বিগত প্রায় আড়াই মাস যাবত করোনা সংকট চলছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আজ অবধি করোনা সংকট মোকাবিলায় ঢাকা বিশ্ববিদ্যালয় কোনো ভুমিকা পালন করতে পারেনি। উপরন্তু তারা প্রধানমন্ত্রীর যে ত্রাণ ফান্ড রয়েছে সেখানে ১ কোটি ৩৬ লাখ টাকা অনুদান দিয়েছেন। এই অনুদান দেওয়া কোনোভাবেই ঠিক কাজ হয়নি। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পক্ষ থেকে এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছি।
তারা ৫ মে থেকে বিশ্ববিদ্যালয়ের উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রে চালু হওয়া করোনাভাইরাস সংক্রামণের নমুনা পরীক্ষা কেন্দ্র ৩১ মে বন্ধ হয়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে তা চালুর দাবি জানায়।
নয়া পল্টনে ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব মো. আমান উল্লাহ আমান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ভেতর দিয়ে মেট্রো রেলপখ ও স্টেশন স্থাপন বাতিলের দাবি জানিয়ে রাকিব বলেন, আমরা ক্যাম্পাসের ভেতর দিয়ে মেট্রো রেলপথ ও স্টেশন নেয়ার বিষয়টি ঘৃণাভরে প্রত্যাখান করি। আমরা আবারো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আহ্বান জানাচ্ছি বিষয়টি পূর্ণবিবেচনা করার জন্য। আর যেন একটি গাছও কাটা না হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, জ্যেষ্ঠ সহ-সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রহমান আমিন এ সময় উপস্থিত ছিলেন।