করোনা প্রতিরোধে সমন্বিত প্রচেষ্টার বিকল্প নেই: স্থানীয় সরকারমন্ত্রী

দেশে প্রাণঘাতী করোনাভাইরাস মোকাবিলায় মন্ত্রণালয়, স্বায়ত্ত্বশাসিত এবং বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত প্রচেষ্টার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম।  

তিনি বলেন, ‘করোনা প্রাদুর্ভাব ঠেকাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া নির্দেশনা বাস্তবায়নের জন্য দেশের মানুষকে সঙ্গে নিয়ে একযোগে কাজ করতে হবে।’

শনিবার দেশের বর্তমান করোনা মহামারীর সার্বিক পরিস্থিতি পর্যালোচনার জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেকের সভাপতিত্বে অনলাইনে এক ভিডিও কনফারেনসে যোগ দিয়ে তিনি এসব বলেন।

মন্ত্রী বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উদ্যোগে ঢাকার দুই সিটি করপোরেশনের অধীন সব ওয়ার্ডের কাউন্সিলরদের নিয়ে ১০ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন এবং উক্ত কমিটি ওই ওয়ার্ডকে ১০ ভাগে বিভক্ত করে সিটি কর্পোরেশনের প্রতিনিধি, বিশিষ্ট ব্যক্তি এবং এনজিও প্রতিনিধির সমন্বয়ে আরো ১০টি উপকমিটি গঠন করা সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে।

তাজুল ইসলাম আশাপ্রকাশ করে বলেন, ‘এসব কমিটি গঠিত হলে করোনা মোকাবেলা, নিম্নবিত্ত ও নিম্নমধ্যবিত্ত বা অসহায় ব্যক্তিদের সরকারি-বেসরকারি সহযোগিতাসহ  নানা সামাজিক কর্মকাণ্ড আরো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা সম্ভব।’

ভিডিও কনফারেন্সে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. ফরহাদ হোসেন, আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, ঢাকা উত্তর  সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোরুল ইসলাম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস এবং পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদ অংশ নেন।