প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের ভাই কবি খালেদ মারা গেছেন

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউসের বড় ভাই কবি আহমেদ খালেদ কায়সার মারা গেছেন। গতকাল শনিবার বেলা সোয়া ১১টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল ৬৫ বছর।

পারিবারিক সূত্র জানায়, আগে থেকেই তিনি ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে ভুগছিলেন। গত ৩১ মে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। এর পর দুই দফা তার করোনা টেস্ট করা হয়। দু’বারই নেগেটিভ রিপোর্ট আসে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গতকাল সকাল সোয়া ৯টায় তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। বেলা সোয়া ১১টায় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। 

কবি আহমেদ খালেদ কায়সার চট্টগ্রামের সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে অত্যন্ত পরিচিত মুখ। তার বাড়ি চট্টগ্রামের পটিয়ায়। 

শোক প্রকাশ : তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ ও চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন পৃথক পৃথকভাবে কবি আহমেদ খালেদ কায়সারের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন।