চিকিৎসা না দেওয়া হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ পররাষ্ট্রমন্ত্রীর

সিলেটে একের পর এক হাসপাতাল ঘুরে বিনা চিকিৎসায় একাধিক ব্যক্তির মৃত্যুর ঘটনায় তীব্র ক্ষোভ ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ (সদর) আসনের এমপি ড. এ কে আবদুল মোমেন। একই সঙ্গে তিনি চিকিৎসা না দেওয়া হাসপাতালগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। প্রয়োজনে তাদের লাইসেন্স বাতিল করতে বলেছেন। করোনা পরিস্থিতিতে সিলেটের প্রশাসনিক দায়িত্বে নিয়োজিত পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের সচিব লোকমান হোসেন মিয়াকে চিঠি পাঠিয়ে তিনি এই নির্দেশনার কথা জানিয়েছেন। গত শুক্রবার সিলেটের একজন ব্যবসায়ী একাধিক হাসপাতাল ঘুরেও বিনা চিকিৎসায় মারা যাওয়ার পর পররাষ্ট্রমন্ত্রী এই চিঠি পাঠান।

চিঠিতে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, সিলেটের বেসরকারি হাসপাতালগুলো নানা অজুহাতে রোগী গ্রহণ করছে না। ভর্তি বা চিকিৎসা প্রত্যাখ্যান করায় ইতিমধ্যে একাধিক রোগী অ্যাম্বুলেন্সে মারা গেছেন। এ অবস্থায় সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে বৈঠক করে সরকারের নির্দেশনা জানিয়ে দিতে এবং চিকিৎসা প্রদানে যারা অস্বীকৃতি জানাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন।