গণমাধ্যমকে বিএসএমএমইউ ভিসি

গণস্বাস্থ্যের কিট পরীক্ষার রিপোর্ট বুধবারের মধ্যে

করোনাভাইরাস শনাক্তে গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত অ্যান্টিবডি কিটের কার্যকারিতা পরীক্ষা শেষ করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)। আগামী বুধবারের মধ্যে ওষুধ প্রশাসনে এ সংক্রান্ত প্রতিবেদন জমা দেওয়া হবে। গতকাল শনিবার গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক কনক কান্তি বড়ুয়া।

বিএসএমএমইউ উপাচার্য বলেন, গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত কিটের কার্যকারিতা পরীক্ষা শেষ হয়েছে। এ সম্পর্কিত কমিটি এখন অ্যান্টিবডি কিটের পরীক্ষার ফলাফলের তথ্য প্রক্রিয়াজাত করছে। বুধবারের মধ্যে প্রতিবেদন জমা দেওয়া হতে পারে।

তিনি আরও বলেন, ‘ওষুধ বা একটি কিটের পারফরম্যান্স ট্রায়াল কেবল একটি বৈজ্ঞানিক বিষয়। ভিসি হিসেবে এখানে আমার হস্তক্ষেপ করার কিছুই নেই।’

করোনা মহামারীর মধ্যে বাংলাদেশি বিজ্ঞানীদের একটি দল ড. বিজন কুমার শীলের নেতৃত্বে র‌্যাপিড কিট তৈরি করেছেন। ওষুধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদনের পর গত ১৩ মে বিএসএমএমইউকে কার্যকারিতা পরীক্ষার জন্য কিট জমা দেয় গণস্বাস্থ্য কেন্দ্র। এরপর কিটের কার্যকারিতা পরীক্ষায় ছয় সদস্যের কমিটি গঠন করে বিএসএমএমইউ কর্র্তৃপক্ষ। এর আগে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বারবার হতাশা প্রকাশ করে বলেছেন, মার্চ মাসে কিট তৈরি হলেও এখন পর্যন্ত অনুমোদন পাওয়া যায়নি।