সিলেটে এবার হাসপাতালে হাসপাতালে ঘুরে বিনা চিকিৎসায় এক আওয়ামী লীগ নেতার স্ত্রীর (৫০) মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার দুপুরে তিনি মারা যান। ওই নারী দক্ষিণ সুরমা উপজেলার কুচাই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আখতার হোসেনের স্ত্রী। গত এক সপ্তাহে সিলেটে একইভাবে হাসপাতালে হাসপাতালে ঘুরে চিকিৎসা না পেয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে জানা গেছে।
আখতার হোসেন বলেন, গত বৃহস্পতিবার তার স্ত্রীর বুকে ব্যথা ও শ্বাসকষ্ট শুরু হয়। তাকে নিয়ে তিনি দক্ষিণ সুরমার নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার স্ত্রীকে দুটি পরীক্ষা করানোর কথা বলে বাসায় পাঠিয়ে দেন। এ সময় চিকিৎসক বলেন, টেস্টগুলোর রিপোর্ট পাওয়ার পর রোগীকে শুক্রবার নিয়ে আসবেন। শুক্রবার সকালে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আবারও নর্থ ইস্ট হাসপাতালে নিয়ে ভর্তি করাতে চান আখতার হোসেন। কিন্তু সিট খালি নেই বলে তারা ভর্তি করতে রাজি হয়নি।