এক ঝলকে

এশিয়া প্যাসিফিক অ্যাওয়ার্ডসে ‘ন ডরাই’

‘১৪তম এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডস’ প্রতিযোগিতার জন্য আমন্ত্রণ  পেয়েছে  ‘ন ডরাই’। প্রতিযোগিতায় ‘ফিকশন ফিল্ম’ ক্যাটাগরিতে মনোনয়নের জন্য ‘ডেয়ার টু সার্ফ’ নামে আমন্ত্রিত হয়েছে ছবিটি। আগামী অক্টোবরে চূড়ান্ত মনোনয়নের তালিকা প্রকাশিত হবে। ২৬ নভেম্বর অস্ট্রেলিয়ার ব্রিসবেনে এই পুরস্কার প্রদান করা হবে। এশিয়া প্যাসিফিক অঞ্চলের ৭০টি দেশের চলচ্চিত্রের মধ্যে সেরা ছবিগুলোকে এই প্রতিযোগিতায় পুরস্কৃত হয়। প্রযোজনা প্রতিষ্ঠান স্টার সিনেপ্লেক্স বলেছে, ‘এ ধরনের একটি

আন্তর্জাতিক পুরস্কারের জন্য প্রতিযোগিতায় ছবিটির আমন্ত্রণ পাওয়া নিঃসন্দেহে আমাদের জন্য সুখকর। অনেক চ্যালেঞ্জ নিয়ে ছবিটি নির্মাণ করা হয়েছে। দর্শক-সমালোচকদের কাছে দারুণ সাড়া পেয়েছি আমরা। আজকের এই আনন্দ দর্শকদের সঙ্গে ভাগাভাগি করতে চাই। ছবিটি একটা সম্মানজনক জায়গায় গেলে দেশ এবং  দেশের দর্শকরা গৌরবের অংশীদার হবেন।’ তানিম রহমান পরিচালিত ‘ন ডরাই’ সিনেমায় অভিনয় করেছেন সুনেরাহ বিনতে কামাল, শরিফুল রাজ, ওয়াসিম সিতারসহ অনেকে। ছবিতে সমাজ ও পরিবারের ভয়কে জয় করে সার্ফার হিসেবে এক নারীর প্রতিষ্ঠার গল্প তুলে ধরা হয়েছে।

দীপিকায় মাধুরীর ছায়া

ভুবনভোলানো হাসির নায়িকা মাধুরীতে মুগ্ধ- নয় থেকে নব্বই। তিন দশক ধরে বলিউডে দাপট দেখিয়ে আসছেন তিনি। যেকোনো নায়ককে টক্কর দেন মাধুরী দীক্ষিত। নিজের শক্তিতে একাধিক হিট ছবি উপহার দিয়েছেন। শ্রীদেবীর পর বিটাউনে ‘লেডি সুপারস্টার’ হিসেবে তাকে মানা হয়। তবে কোটি ভক্তের হৃদয় হরণকারী এই অভিনেত্রীর হৃদয় জয় করেছেন এ প্রজন্মের এক নায়িকা। দীপিকা পাড়ুকোন। সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন, ‘দীপিকাকে আমি খুব পছন্দ করি। কারণ, ও যেকোনো চরিত্রের একেবারে গভীরে গিয়ে কাজ করে। ওর ছবিতে নায়কের দরকার পড়ে না। ও নিজেই নায়ক, নিজেই নায়িকা।’ এই বলিউড অভিনেত্রী আরও বলেন, “দীপিকা একেবারে সাধারণ চরিত্র থেকে লার্জার দ্যান লাইফ চরিত্র সবখানে চমৎকার মানিয়ে যায়। ভাবুন, ‘পিকু’ ছবির ওই মেয়েটাই আবার মাস্তানিতে আসছে। সব ধরনের চরিত্রে ও দারুণ কাজ করে। আমি ওর ভেতর আমার ছায়া দেখতে পাই।” মাধুরীর মতো অভিনেত্রীর কাছ থেকে এ রকম হৃদয়খোলা প্রশংসা যেকোনো নায়িকার জন্য অনেক বড় প্রাপ্তি। ২০০৭ সালের ‘ওম শান্তি ওম’ থেকে ২০২০ সালের ‘ছপাক’Ñ এই লম্বা সফরে দীপিকা নানান রূপে নিজেকে সফল অভিনেত্রী হিসেবে বারবার উপস্থাপন করেছেন।

সুস্মিতার প্রথম ওয়েব সিরিজ

কিছুদিন আগে নিজের প্রথম ওয়েব সিরিজ ‘আরিয়া’র টিজার প্রকাশ করেছিলেন সুস্মিতা সেন। এর মধ্য দিয়ে দীর্ঘ পাঁচ বছর পর আবার অভিনয়ে ফিরলেন তিনি। গত ৫ জুন প্রকাশ পেল এর ট্রেইলার। রাম মাধভানি পরিচালিত ওয়েব সিরিজটিতে সুস্মিতার পাশাপাশি দেখা গেছে চন্দ্রচূড় সিংকে। একটি সাধারণ পরিবারের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘আরিয়া’। ভালোবাসার মানুষটির সঙ্গে থাকার জন্য সবকিছু পেছনে ফেলে দিয়ে সংসার শুরু করেন সুস্মিতা। স্বামী ও তিন সন্তানকে নিয়ে ভালোই কাটছিল দিনগুলো। কিন্তু হঠাৎ তার সংসারে বইতে শুরু করে কালবৈশাখী। আর পরিবারকে বাঁচানোর জন্য এক অন্য নারীতে রূপান্তরিত হন এই অভিনেত্রী। এভাবেই এগিয়ে যেতে থাকে ওয়েব সিরিজটির গল্প। সুস্মিতা বলেন, ‘চিত্রনাট্যটি পড়ার পরই এতে অভিনয়ের জন্য প্রস্তুত করে ফেলি নিজেকে। এর জন্য একটি ওয়ার্কশপও করেছি। জীবনে প্রথমবার কোনো ওয়ার্কশপে অংশ নিয়েছি আমি।’ সর্বশেষ ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত সৃজিত মুখার্জির বাংলা সিনেমা ‘নির্বাক’-এ দেখা গেছে সুস্মিতাকে।