সম্পত্তি বণ্টন নিয়ে মারামারিতে চাচার হাতে ভাতিজা খুন

পারিবারিক কলহ আর সম্পত্তি বণ্টন নিয়ে দ্বন্দ্বের জেরে মারামারিতে চাচার হাতে ভাতিজার খুনের অভিযোগ উঠেছে।

শনিবার রাতে ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নের বড় বালিয়া গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত হামিদ খান (২৫) বড় বালিয়ার মহিউদ্দিন খানের ছেলে। ঘটনার পর থেকে চাচা দাউদ খান পালাতক রয়েছেন।

সালথা থানার ওসি মোহাম্মদ আলী জিন্নাহ জানান, আগে থেকে ওই পরিবারের সঙ্গে পারিবারিক কলহ ছিল, সম্প্রতি এর সঙ্গে যুক্ত হয়েছে সম্পত্তি বণ্টনের বিষয়।

তিনি বলেন, শনিবার রাতে কথাকাটাকাটির একপর্যায়ে দুই পরিবারের মধ্যে মারামারি হয়। এতে উভয় পক্ষই কমবেশি আহত হয়। আহতদের মধ্যে ভাতিজা হামিদ খানকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, পরে অবস্থার অবনতি হলে ঢাকা নেওয়ার পথে রাত ১২টার পরে তার মৃত্যু হয়।

পুলিশের এই কর্মকর্তা বলেন, আমরা লাশের সুরতহাল রির্পোট শেষে ময়নাতদন্তের জন্য ফমেকে এ পাঠিয়েছি। তবে রবিবার দুপুর পর্যন্ত উক্ত ঘটনার বিষয়ে কেউ থানায় লিখিত অভিযোগ নিয়ে আসেনি। বিষয়টি আইনগত প্রক্রিয়ার মধ্যে রয়েছে।