বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত ৬৯ লাখ ছাড়াল

বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। মোট আক্রান্তের সংখ্যা এরই মধ্যে ছাড়িয়ে গেছে ৬৯ লাখ। আক্রান্তদের মধ্যে মারা গেছেন ৪ লাখের অধিক মানুষ।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যানুযায়ী, বাংলাদেশ সময় বিকাল ৪টার দিকে বিশ্বজুড়ে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ায় ৬৯ লাখ ১৩ হাজার। এই তালিকায় দেশ হিসেবে শীর্ষে যুক্তরাষ্ট্র, দেশটিতে মোট আক্রান্ত ১৯ লাখ ৭২ হাজার ছাড়িয়েছে।

পরের স্থানেই রয়েছে ব্রাজিল, লাতিন আমেরিকার বৃহত্তম দেশটিতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ৭২ হাজার। তৃতীয়স্থানে থাকা রাশিয়ায় আক্রান্ত ৪ লাখ ৬৭ হাজার। এই তালিকায় চতুর্থস্থানে যুক্তরাজ্য, আক্রান্ত ২ লাখ ৮৬ হাজার। 

স্পেনকে টপকে আক্রান্তের সংখ্যায় পঞ্চমস্থানে উঠে এসেছে ভারত। দেশটিতে আক্রান্ত ২ লাখ ৪৭ হাজারের বেশি মানুষ।

এদিকে বিশ্বজুড়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ১২১ জনে।  মৃত্যুর সংখ্যা এক লাখ ১০ হাজার ছুঁইছুঁই করা যুক্তরাষ্ট্র এই তালিকায়ও শীর্ষে। এর পরেই রয়েছে যুক্তরাজ্য, ৪০ হাজার ছাড়িয়ে গেছে। তৃতীয়স্থানে থাকা ব্রাজিলে মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ৩৫ হাজার; ব্রাজিলের উত্থানে চতুর্থস্থানে নেমে গেছে ইতালি, ৩৩ হাজার ৮০০। পঞ্চমস্থানে আছে ফ্রান্স, ২৯ হাজার ১৪৫ মৃত্যু নিয়ে।

করোনা থেকে সুস্থ হওয়া মানুষের সংখ্যাও বেড়েছে। এরই মধ্যে সুস্থের সংখ্যা ৩০ লাখ ছাড়িয়ে গেছে।