শুধু মাত্র বোলারের ভূমিকায় মাশরাফী বিন মোর্ত্তজাকে কি দলে রাখবেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল? সম্প্রতি এক ইউটিউব চ্যানেলে দর্শকদের এমনই এক প্রশ্নের মুখোমুখি হতে হয়েছিল লাল-সবুজের দলের নতুন অধিনায়ককে। তামিম পরিষ্কার করেছেন নিজের ভাবনা।
গত মার্চে ওয়ানডে দলের নেতৃত্ব থেকে অবসরে যান মাশরাফী। দেশের ইতিহাসের সবচেয় সফল অধিনায়কের স্থলাভিষিক্ত হন তামিম। ৩৬ বছর বয়সী মাশরাফী অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়ার পরই বিসিবি সভাপতি নাজমুল হাসান বলেছিলেন, এখন থেকে দলে থাকতে হলে অন্যদের মতো পারফর্ম করেই আসতে হবে মাশরাফীকে।
ওদিকে বাংলাদেশ দলের বোলিং কোচ ওটিস গিবসন ক’দিন আগে এক সংবাদ মাধ্যমে দেওয়ার সাক্ষাৎকারে মাশরাফীকে অবসর নেওয়ার পরামর্শ দেন। সব মিলে মাশরাফীর জন্য দলে জায়গা করে নেওয়া কঠিন।
২০০৯ সালের পর থেকে টেস্ট খেলেন না মাশরাফী। ২০১৭ সালে অবসরে যান আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে। ঘরোয়া টি-টোয়েন্টি, লিস্ট এ ক্রিকেট খেলে যাওয়া মাশরাফী অবশ্য পারফর্ম করে ওয়ানডে দলে জায়গা করে নেওয়ার ব্যাপারে আশাবাদী। এখনই যে অবসরের ভাবনা নেই তার, সেটি পরিষ্কার করেছেন বেশ কবারই।
এমন প্রেক্ষিতে দর্শকের করা প্রশ্নের জবাবে তামিম বলছেন, ‘আমি একজন নতুন অধিনায়ক। আমার জন্য প্রথম নির্বাচনী সভায় অথবা প্রথম দল নির্বাচনে আমি যদি বলি আমার এই লাগবে সেই লাগবে, আমি ওকে চাই, তাকে চাই, এটা কেমন হবে? আমার এই শ্রদ্ধা অর্জন করে নিতে হবে নির্বাচক, বোর্ড সবার কাছ থেকে।’ তামিম বিশ্বাস করেন এই শ্রদ্ধা অর্জন করতে হবে পারফরম্যান্সের মাধ্যমে।
যোগ করে বলেন, ‘মাশরাফী ভাই একজন কিংবদন্তি। বাংলাদেশে এমন কেউ নেই যে তাকে নেবে না। তবে অনেক কিছু বিবেচনা করতে হবে। সঠিক সময় আসলে দেখা যাবে। এটা বলতে পারি, এমন কেউ নেই যে তাকে নেবে না।’