সৌরভ আইসিসির সভাপতি হলে ফেরার আবেদন জানাবেন কানেরিয়া

স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িয়ে ক্রিকেট থেকে আজীবনের জন্য নির্বাসিত পাকিস্তানের লেগ স্পিনার দানিশ কানেরিয়া। ৩৯ বছর বয়সী এই ক্রিকেটার বলেছেন, সৌরভ গাঙ্গুলী আইসিসির সভাপতি হলে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ব্যাপারে আবেদন করবেন তিনি।

ভারতের সাবেক অধিনায়ক সৌরভ এখন ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের সভাপতির দায়িত্বে। কিছুদিন আগেই দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক গ্রায়েম স্মিথ আইসিসির সভাপতি হিসেবে সৌরভকে দেখতে চান বলে জানিয়েছিলেন। স্মিথের আগে আইসিসির পরবর্তি সভাপতি হিসেবে সৌরভের নাম প্রথম উত্থাপন করেছিলেন সাবেক ইংল্যান্ড অধিনায়ক ডেভিড গাওয়ার।

সৌরভ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার পরবর্তী সভাপতির পদে আসলেই লড়বেন কিনা এ ব্যাপারে কোনো কিছুই চূড়ান্ত জানা যায়নি। তবে কানেরিয়া আশায় বুক বাঁধছেন।

এই লেগস্পিনার এক টিভি চ্যানেলে বলেছেন, ‘হ্যাঁ, আমি তখন (সৌরভ সভাপতি হলে) ফের আবেদন করব। আর আমি নিশ্চিত যে সম্ভাব্য সব রকম উপায়ে আইসিসি আমাকে সাহায্য করবে। সৌরভ একজন অসাধারণ ক্রিকেটার। সূক্ষ্ম বিষয়গুলিও ওর কাছে ধরা পড়ে। আইসিসি সভাপতি হিসেবে সৌরভের চেয়ে যোগ্য প্রার্থী আর হয় না।’

কানেরিয়া ২০১২ সালে এসেক্সের হয়ে কাউন্টিতে খেলার সময় স্পট-ফিক্সিংয়ে জড়ান। ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) তাকে আজীবন নিষিদ্ধ করে। পাকিস্তান ক্রিকেট বোর্ডও (পিসিবি) সেই সিদ্ধান্তে সমর্থন জানিয়ে একই সিদ্ধান্ত নেয়। পরে নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করে হেরে যান ৬১ টেস্ট ও ১৮ ওয়ানডে খেলা এই লেগ স্পিনার।

কানেরিয়া বিশ্বাস করেন সৌরভের মতো সফল ক্রিকেট ব্যক্তিত্ব আইসিসির সভাপতি হলে ক্রিকেট অনেক এগিয়ে যাবে।

হিন্দু ধর্মাবলম্বী হওয়ায় নিজ দেশে অবিচারের শিকার হয়েছেন এবং যথেষ্ট সহায়তা পাননি, এমন অভিযোগ সব সময় করে এসেছেন কানেরিয়া। এবার বলছেন, আইসিসির সভাপতি হতে হলে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কোনো সাহায্য সৌরভের প্রয়োজন হবে না।

‘তার পক্ষে এমনিতেই অনেক কিছু আছে। আমার মনে হয় না, তার পিসিবির সমর্থনের প্রয়োজন হবে।’ বলেন কানেরিয়া।