প্রচলিত বিধিবিধান যথাযথভাবে মেনে মেডিকেল টেকনোলজিস্ট পদে নিয়োগের দাবি জানিয়েছে বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন (বিএমটিএ) এবং বেকার অ্যান্ড প্রাইভেট সার্ভিসেস মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন (বিপিএসএমটিএ)। গতকাল রবিবার বিএমটিএ সভাপতি আলমাছ আলী খান, মহাসচিব মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন খান এবং বিপিএসএমটিএর সভাপতি শফিকুল ইসলাম ও মহাসচিব সিরাজুল ইসলাম এক যৌথ বিবৃতিতে এ দাবি জানান।
বিবৃতিতে নেতারা বলেন, করোনা রোগীদের জরুরি চিকিৎসাসেবা দিতে প্রধানমন্ত্রী কর্র্তৃক মেডিকেল টেকনোলজিস্টসহ ৩ হাজার পদে নিয়োগদানের অনুমোদিত প্রস্তাবে ১৮৩ জন টেকনোলজিস্টকে নতুন সৃষ্ট পদে সরাসরি স্থায়ী নিয়োগের যে প্রস্তাব স্বাস্থ্য বিভাগ দিয়েছে তা মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগের প্রচলিত বিধিবিধানের পরিপন্থী। এ ধরনের বিধিবহির্ভূত প্রস্তাব সারা দেশের মেডিকেল টেকনোলজিস্টদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি করেছে।
এদিকে এদিন সকালে স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে পাস করা কয়েকশ মেডিকেল টেকনোলজিস্ট মহাখালীর স্বাস্থ্য ভবনে সমবেত হয়ে সমাবেশ করেন। সমাবেশে তারা ১৮৩ জন মেডিকেল টেকনোলজিস্টকে সরাসরি স্থায়ী নিয়োগের সুপারিশ ৪৮ ঘণ্টার মধ্যে বাতিলের দাবি জানান। অন্যথায় আগামী ১০ জুন বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের সামনে অবস্থান ধর্মঘট পালনের ঘোষণা দেন তারা।