গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে কভিড-১৯ করোনাভাইরাস শনাক্তের জন্য পিসিআর ল্যাব উদ্বোধন করা হয়েছে। গতকাল রবিবার দুপুরে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক এই ল্যাব উদ্বোধন করেন। এই হাসপাতালে করোনার নমুনা বিনামূল্যে পরীক্ষা করা হবে বলে জানান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী।
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের অধ্যক্ষ আসাদ হোসেন জানান, এই ল্যাবে প্রতিদিন দুই শিফটে ২০০ ব্যক্তি করোনার নমুনা দিতে পারবে এবং তা এখানে স্থাপিত ল্যাবে পরীক্ষা করে ২৪ ঘণ্টার মধ্যে এর ফলাফল জানিয়ে দেওয়া হবে। এ পরীক্ষার জন্য কোনো ফি দিতে হবে না।
হাসপাতালের পরিচালক ডা. খলিলুর রহমান জানান, ১০০ শয্যার এই হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। এ ছাড়া এই হাসপাতালে আইসিইউ শয্যা ও ভেন্টিলেটর রয়েছে।