জরুরি বিমান পাঠিয়ে বাংলাদেশ থেকে রেমডিসিভির ও রেমিভির সংগ্রহ করল নাইজেরিয়া। নাইজেরিয়ার একজন গভর্নর করোনা আক্রান্ত হয়ে অসুস্থ হওয়ায় তার চিকিৎসার জন্য সে দেশের সরকারের পক্ষ একটি চার্টার্ড বিমান পাঠিয়ে এসব ওষুধ সংগ্রহ করা হয়। গতকাল রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নাইজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী জিওফ্রে ওনিয়ামা বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনকে শনিবার গভীর রাতে ফোন করে বিমানটি ঢাকায় জরুরি অবতরণের বিষয়ে অনুমতিসহ এ বিষয়ে সার্বিক সহযোগিতার জন্য অনুরোধ করেন।
নাইজেরিয়ার রাজধানী আবুজা থেকে রওনা হয়ে বিমানটি জেদ্দা হয়ে গতকাল বিকেল ৫টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এরপর তারা ওষুধ সংগ্রহ করে এবং বিমানটি অল্প সময়ের মধ্যে নাইজেরিয়ার উদ্দেশে বিমানবন্দর ত্যাগ করে।
পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়, রেমডিসিভির, রেমিভির, স্বল্পসংখ্যক পিপিই ও অন্যান্য চিকিৎসাসামগ্রী নমুনা হিসেবে এ সময় সংগ্রহ করা হয়। কার্যকারিতা সাপেক্ষে নাইজেরিয়ার সরকার সে দেশে এসব ওষুধ ও চিকিৎসাসামগ্রী বাংলাদেশ থেকে আমদানি করতে চায়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশের গার্মেন্টস মার্কেটিং কোম্পানি ভূঁইয়া ইন্টারন্যাশনালের সিইও কবির আহমেদ ভূঁইয়ার মাধ্যমে এসব সামগ্রী বাংলাদেশ থেকে সংগ্রহ করে নাইজেরিয়ার সরকার।