হিলিতে স্বাস্থ্যবিধি না মেনে পণ্য খালাস ও ভরা

করোনাভাইরাসের কারণে দুমাসের বেশি সময় ধরে স্থলপথে আমদানি বন্ধ থাকায় দিনাজপুরের হিলি স্থলবন্দরের রেলপথ দিয়ে ভারত থেকে আমদানি করা হচ্ছে পেঁয়াজ। আমদানিকৃত এসব পেঁয়াজ হিলি রেলস্টেশনে ট্রেন থেকে খালাস ও ভরার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। তবে এ কাজে কোনো ধরনের স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব না মেনে এমনকি মাস্ক ছাড়াই শ্রমিকরা কাজ করছেন। এতে করে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।

গতকাল রবিবার হিলি রেলস্টেশনে গিয়ে দেখা যায়, ভারত থেকে আমদানি করা পেঁয়াজ নিয়ে আসা ভারতীয় মালবাহী ট্রেনের বগি থেকে  দেশীয় ট্রাকে পেঁয়াজ লোড-আনলোডের কাজ করছেন কয়েকশ শ্রমিক। একই সঙ্গে এসব পেঁয়াজ কেনার জন্য দেশের বিভিন্ন স্থান থেকে আসা পাইকার, ট্রাকের চালক ও সহকারী মিলিয়ে ব্যাপক জনসমাগমের সৃষ্টি হয়েছে। কিন্তু তাদের কেউই মানছেন না স্বাস্থ্যবিধির শর্তাবলি ও সামাজিক দূরত্ব, অনেকের মুখেই নেই মাস্ক, কারও থাকলেও সেটি তারা গলায় ঝুলিয়ে রেখেছেন।