বেনাপোলের দৌলতপুর সীমান্তে ফেনসিডিলের চালান আটকের সময় বিজিবির ওপর হামলা করলে বিজিবির গুলিতে এক মাদক ব্যবসায়ী আহত হন। সোমবার ভোরে দৌলতপুর সীমান্তের বালুর মাঠ এলাকায় হামলার এ ঘটনা ঘটে।
আহত রহমত (২৬) দৌলতপুর গ্রামের মফেজ আলীর ছেলে।
আহতাবস্থায় বিজিবি তাকে উদ্ধার করে তাদের হেফাজতে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেছে। ঘটনাস্থল থেকে ৯৭ বোতল ফেনসিডিল ও একটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করেছে বিজিবি।
২১ বিজিবি ব্যটালিয়নের দৌলতপুর ক্যাম্পের নায়েক সুবেদার সাইফুল ইসলাম জানান, সোমবার ভোরে মাদক চোরাকারবারিরা ভারত থেকে ফেনসিডিলের একটি বড় চালান নিয়ে বাংলাদেশে প্রবেশের সময় দৌলতপুর বালুর মাঠ এলাকায় বিজিবি তাদের ধাওয়া করে।
মাদক চোরাচালানিরা এ সময় বিজিবির উপর আক্রমণ করে। বিজিবি আত্মরক্ষার্থে ৩ রাউন্ড গুলি ছুড়লে রহমত আলী নামে এক ফেনসিডিল ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়। তার সঙ্গে থাকা অন্যরা পালিয়ে যায়।
ঘটনাস্থল থেকে ৯৭ বোতল ফেনসিডিল ও একটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। বিজিবি রহমতকে উদ্ধার করে প্রথমে শার্শা উপজেলা হেলথ কমপ্লেক্সে নিয়ে যায়। তার অবস্থার অবনতি হলে তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।