করোনায় বিমানবন্দরে কর্মরত আনসার সদস্যের মৃত্যু

করোনায় আক্রান্ত হয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আরও একজন সদস্য মারা গেছেন।

তিনি হজরত শাজহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে কর্মরত ছিলেন। তার নাম আব্দুস সোবহান (৪৬)। তিনি অঙ্গীভুত আনসার সদস্য হিসেব কাজ করতেন।

সোমবার বাহিনীর জনসংযোগ কর্মকর্তা মেহনাজ তাবাসসুম রেবিন দেশ রূপান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মৃত আব্দুস সোবহানের গ্রামের বাড়ি বগুড়ার সোনাতলা উপজেলার উত্তর কালাইহাট গ্রামে। তিনি গত ২২ মে করোনায় আক্রান্ত হয়ে বগুড়ার মোহাম্মদ আলী জেনারেল হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় সোমবার তিনি মৃত্যু বরণ করেন।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদ। তার নির্দেশে বগুড়া জেলা কমান্ড্যান্ট মুহাম্মদ মেহেদী হাসান স্বাস্থ্য অধিদপ্তরের বিধিমালা অনুসরণ করে আব্দুস সোবহানের গ্রামের বাড়িতে দাফন কাজ সম্পন করেন।

রেবিন আরও জানান, আনসারের মোট ৪১৮ জন সদস্য করোনায় আক্রান্ত হয়েছে। সুস্থ হয়ে কাজ ফিরেছেন ২৪২ জন। আক্রান্তদের মধ্যে দুজন মারা গেছেন।