ভুয়া ইমাম সেজে প্রধানমন্ত্রীর অনুদানের চেক গ্রহণ

মৌলভীবাজারের কমলগঞ্জে মসজিদের ভুয়া ইমাম সেজে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর অনুদানের চেক গ্রহণ করেছিলেন কেরামত আলী নামের এক প্রতারক। এ নিয়ে স্থানীয়ভাবে ব্যাপক গুঞ্জন ও প্রতিবাদ শুরু হলে জনপ্রতিনিধির মাধ্যমে চেকটি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে ফেরত দিয়েছেন ভুয়া ইমাম।

গত শনিবার বিকেলে আনুষ্ঠানিকভাবে কমলগঞ্জে সাংসদের কাছ থেকে চেক গ্রহণ করেছিলেন কেরামত আলী আর পরদিন রবিবার সন্ধ্যায় কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে গৃহীত পাঁচ হাজার টাকার চেকটি ফেরত দেওয়া হয়।

খোঁজ নিয়ে জানা যায়, কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউপির দক্ষিণ কালেঙ্গা গ্রামে একটি জামে মসজিদ দেখিয়ে ওই মসজিদের ইমাম সেজে সরকারি অনুদানের পাঁচ হাজার টাকার চেক গ্রহণ করেন এলাকার কেরামত আলী নামে একজন। বাস্তবে তিনি কোনো মসজিদের ইমাম কিংবা মোয়াজ্জিন নন। তারপরও ভুয়া মসজিদের নাম দিয়ে নিজেকে তিনি মসজিদের ইমাম দাবি করে চেক গ্রহণ করেন। এরপর এ নিয়ে এলাকায় তোলপাড় শুরু হয়। কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক বলেন, কেরামত আলীর বিরুদ্ধে বাল্যবিয়ে ঘটানোসহ একাধিক অভিযোগ রয়েছে।