মুক্তিযুদ্ধ জাদুঘরে অনলাইন প্রদর্শনী শুরু

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনন্য নেতৃত্বে ৬ দফা ঘোষণা ও ৭ জুনের প্রতিরোধ দিবস নিয়ে বিশেষ অনলাইন প্রদর্শনীর আয়োজন করেছে মুক্তিযুদ্ধ জাদুঘর। ‘অন্ধকার থেকে আলোয় : ৫ ফেব্রুয়ারি-৭ জুন ১৯৬৬’ শীর্ষক এই প্রদর্শনী রবিবার থেকে সবার জন্য উন্মুক্ত করা হয়েছে। এই প্রদর্শনীর উদ্বোধন করেন জাতীয় অধ্যাপক ড. রফিকুল ইসলাম।

ভিডিও বার্তায় প্রদর্শনীর উদ্বোধন করে অধ্যাপক রফিকুল ইসলাম বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬৬ সালে ৬ দফা দাবি উত্থাপন করেছিলেন। যার মাধ্যমে পাকিস্তানকে তিনি একটি ‘লুজ কনফেডারেশনে’ পরিণত করতে চেয়েছিলেন। আজ এত বছর পর আমরা যখন বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৬ দফা দিবস পালন করছি তখন করোনা মহামারীর কারণে প্রত্যক্ষভবে সবাইকে নিয়ে এই অনুষ্ঠানটি করা সম্ভব হচ্ছে না। তবে অনলাইনে এই প্রদর্শনী আয়োজনের জন্য মুক্তিযুদ্ধ জাদুঘরকে ধন্যবাদ জানাই।’

প্রদর্শনী সংক্রান্ত লিংক: https:// youtu.be/KXtra0aUCZ4