রপ্তানিমুখী শিল্প শ্রমিকদের কল্যাণে গঠিত কেন্দ্রীয় তহবিলের (শ্রম মন্ত্রণালয়ের অধীন) মহাপরিচালক (ডিজি) পদ থেকে এ এম এম আনিসুল আউয়ালকে অব্যাহতি দিয়ে নতুন নিয়োগের যে সরকারি আদেশ জারি হয়েছিল তা ৩০ দিনের জন্য স্থগিত করেছে উচ্চ আদালত। অব্যাহতির ওই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে আনিসুলের করা রিট আবেদনের ওপর ভিডিও করফারেন্সে শুনানি নিয়ে গতকাল সোমবার বিচারপতি এম ইনায়েতুর রহিমের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। হাইকোর্টের এ আদেশের ফলে আনিসুলের স্বপদে বহাল থাকতে আপাতত কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী সানজিদ সিদ্দিকী। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।
আইনজীবীদের দেওয়া তথ্য অনুযায়ী, ২০১৫ সালে যুগ্ম সচিব হিসেবে অবসরে যান এ এম এম আনিসুল আউয়াল। পরে শ্রম মন্ত্রণালয় ২০১৭ সালের ২৩ আগস্ট তাকে কেন্দ্রীয় তহবিলের মহাপরিচালক হিসেবে প্রথম নিয়োগ দেয়। এরপর ২০১৮ সালের ১ জুলাই ফের তিন বছরের জন্য চুক্তিভিত্তিক ওই নিয়োগের মেয়াদ বাড়ানো হয়। চুক্তির শর্তানুযায়ী তার বিরুদ্ধে কোনো অভিযোগ তদন্তে প্রমাণিত হলেই তাকে তিন মাসের নোটিস দিয়ে কেবল চুক্তি বাতিল করতে পারবে সরকার।