টিভি থেকে সিনেমায় খ্যাতি পাওয়া সিয়াম আহমেদকে নতুন নতুন অবতারে দেখছেন দর্শক। অ্যাকশন, ড্রামা বা পিরিয়ড সিনেমায় সাবলীল অভিনয় তার। এবার তিনি জানালেন, ক্রিকেটার মোহাম্মদ আশরাফুলের বায়োপিক হলে অভিনয় করতে রাজি আছেন।
রবিবার এক ফেইসবুক লাইভে ভক্তদের মুখোমুখি হন এই তারকা। সেই সেখানে এ কথা জানান।
এই বিষয়ে সংবাদমাধ্যমকে সিয়াম বলেন, “আশরাফুল ভাইকে নিয়ে বায়োপিক হলে আর আমাকে যদি অভিনয়ের প্রস্তাব দেওয়া হয় আমি অবশ্যই করবো। তবে এর আগে চাইবো আশরাফুল ভাইয়ের উত্থানটা যেমন ছিল, ঠিক তেমনই যেন ক্যারিয়ার শেষের অধ্যায় হয়। আমি চাই তিনি দ্রুত জাতীয় দলে ফিরুন, তারপর ঝলমলে কিছু ইনিংস উপহার দিন। তার বিদায়টাও যেন হয় রাজকীয়।”
সাম্প্রতিক সময়ে একাধিক ক্রিকেটারের বায়োপিক নিয়ে কথা উঠেছে ঢাকায়। কয়েক দিন আগে এক সাক্ষাৎকারে জাতীয় দলের সাবেক অধিনায়ক ও সংসদ সদস্য মাশরাফী বিন মর্তুজা জানান, নিজের বায়োপিক হলে আরিফিন শুভকে চাইবেন নাম ভূমিকায়।
এ দিকে ঈদুল ফিতরে মুক্তির কথা ছিল সিয়ামের ‘শান’। কিন্তু করোনার কারণে সিনেমাটির অল্প কিছু দৃশ্য ধারণ করা যায়নি। এ ছাড়া মুক্তির জন্য প্রস্তুত ‘বিশ্বসুন্দরী’ ও ‘পাপ পূন্য’। অসমাপ্ত ছবির মধ্যে রয়েছে ইত্তেফাক, অপারেশন সুন্দরবন, অ্যাডভেঞ্চার সুন্দরবন ইত্যাদি।