‘বিশ্বযুদ্ধের সময়ও এভাবে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হতে দেখিনি’

করোনা মহামারির কারণে দেশে দেশে বন্ধ হয়ে গেছে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান। লকডাউনে সীমিত আকারে কয়েকটি দেশে স্কুল কার্যক্রম শুরু করলেও কার্যত অপেক্ষাকৃত কম শিক্ষার্থীই উপস্থিত থাকতে পারছে।

এদিকে চিলড্রেনস কমিশনার ফর ইংল্যান্ড অ্যানি লংফিল্ড জানান, সেপ্টেম্বরের আগে সেকেন্ডারি স্কুল পুনরায় চালু করা সম্ভব হবে না।

তিনি বলেন, আমি মনে করে এটি বড় একটি ধাক্কা। শিক্ষা প্রতিষ্ঠানে এমন বিঘ্ন আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধেও দেখিনি।

লকডাউনে সুবিধাসম্পন্ন এবং সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে শিক্ষার বিভাজন বেড়ে যাবে বলেও তিনি মন্তব্য করেন। করোনা পরিস্থিতিতে অপেক্ষাকৃত অস্বচ্ছল পরিবার ভুক্তভোগী হবে বেশি। যার নেতিবাচক প্রভাব পড়বে শিশুদের ওপর।

অ্যানি লংফিল্ড বলেন, শিক্ষা ক্ষেত্রে আমরা যা হারিয়েছি, তার পূরণ করতে অন্তত এক দশক লেগে যাবে।

এদিকে যুক্তরাজ্যে করোনা পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে। মৃতের দিকে যুক্তরাষ্ট্রের পরই দেশটির অবস্থান। এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৪০ হাজার ছাড়িয়ে গেছে, করোনা উপসর্গসহ যা অর্ধলক্ষাধিক। দুই লাখ ৮৮ হাজারেরও বেশি লোক যুক্তরাজ্যে আক্রান্ত হয়েছে।