পুলিশের নির্যাতনে যুক্তরাষ্ট্রের কৃষ্ণাঙ্গ নাগরিক জর্জ ফ্লয়েড ও বাংলাদেশের কোটালীপাড়ার কৃষক নিখিল তালুকদারের মৃত্যুর প্রতিবাদ জানিয়েছে ঢাকার ২৬ সংস্কৃতিজন।
এক বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের এ চেহারা নতূন নয়। কিন্তু একবিংশ শতাব্দীতে তা আরও প্রকট হয়ে উঠেছে। তার নগ্ন দৃষ্টান্ত শ্বেতাঙ্গ পুলিশের হাতে জর্জ ফ্লয়েডের হত্যাকাণ্ড।
আমরা এই নির্মম হত্যাকাণ্ডে বিশ্ববাসীর মতই স্তম্ভিত ও ক্ষুব্ধ। রাষ্ট্রের এই বর্ণবাদী চরিত্রের বিরুদ্ধে খোদ যুক্তরাষ্ট্রের জনগণ অতীতের মতো রুখে দাঁড়িয়েছে। গোটা বিশ্ব আজ এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ মুখর। আমরা যুক্তরাষ্ট্রের জনগণের সঙ্গে এই আন্দোলনে একাত্ম প্রকাশ করছি।
আরও বলা হয়, গত ২ জুন বাংলাদেশের কোটালীপাড়ায় নিখিল তালুকদার নামে এক কৃষককে পুলিশের এক সাব ইন্সপেক্টর নির্মমভাবে হত্যা করে। নিখিলের পিঠের শিরদাঁড়া হাঁটু দিয়ে চাপ প্রয়োগ করে ভেঙে দেয় এবং নিখিলের মৃত্যু ঘটে। হত্যাকণ্ডে জড়িত সাব ইন্সপেক্টর শামীম হাসান ও সোর্স মো. রেজাউলকে পুলিশ গ্রেফতার করেছে। আমরা এই ভয়ানক হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীর সর্বোচ্চ শাস্তি দাবি করছি।
বিবৃতিতে স্বাক্ষর করেন আবদুল গাফ্ফার চৌধুরী, হাসান আজিজুল হক, অনুপম সেন, রামেন্দু মজুমদার, আতাউর রহমান, সারোয়ার আলী, ফেরদৌসী মজুমদার, আবদুস সেলিম, ইনামুল হক, মামুনুর রশীদ, হাবীবুল্লাহ সিরাজী, মফিদুল হক, শফি আহমেদ, নাসির উদ্দীন ইউসুফ, নূরুল হুদা, লাকী ইনাম, সারা যাকের, শিমূল ইউসুফ, মুহাম্মদ সামাদ, রাজু আলাউদ্দিন, গোলাম কুদ্দুছ, মান্নান হীরা, হাসান আরিফ, আহকাম উল্লাহ, তারিক সুজাত ও তারানা হালিম।