চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় করোনার উপসর্গ নিয়ে এক দিনে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ২জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। এ নিয়ে উপজেলায় করোনায় ৩১জনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার বিভিন্ন সময়ে তাদের মৃত্যু হয়। তারা- উপজেলার কালচোঁ দক্ষিণ ইউনিয়নের রামপুর গ্রামের আনোয়ার হোসেন মল্লিক (৬৫), তার স্ত্রী (৫৫), কালচোঁ ইউনিয়নের রাজাপুর গ্রামের সুনীল চন্দ্র দেবনাথ (৫৫), পৌর এলাকার টোড়াগড় গ্রামের আবুল কাশেম (৫৫) ও খাটরার বিলওয়াই সিদ্দিক কাজীর ছেলে সাগর কাজী (৪০)। এর মধ্যে সাগর কজী ঢাকায় মৃত্যুবরণ করেছেন। তারা জ্বর ও সর্দিতে ভুগছিলেন।
হাজীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বৈশাখী বড়ুয়া একদিনে করোনা উপসর্গ নিয়ে পাঁচ জনের মৃত্যুর বিষয়ে জানান, মৃত ব্যক্তিদের দাফন ও সৎকারে উপজেলা দাফন কমিটি, ইসলামিক ফাউন্ডেশন এবং হাসপাতালের স্যানিটারি অফিসারের সাথে সমন্বয় করে কাজ করছে।
তিনি আরও জানান, করোনা উপসর্গে মৃতদের দাফন ও সৎকারের জন্য আমাদের পর্যাপ্ত পিপিই বরাদ্দ আছে।