করোনা পরিস্থিতিতে সিপিবির বাজেট প্রস্তাবনা

স্বাস্থ্য-শিক্ষা-কৃষিতে গুরুত্ব দিন

স্বাস্থ্য, শিক্ষা, কৃষি এবং কর্মসংস্থান এই চার ক্ষেত্রে বেশি গুরুত্ব দিয়ে ৯৯ শতাংশ মানুষের জন্য আগামী অর্থবছরের (২০২০-২১) জাতীয় বাজেট প্রণয়নের সুপারিশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। দলটি বলছে, প্রশাসনিক ক্ষেত্রসহ সরকারের রাজস্ব খাতে ব্যয় নাটকীয়ভাবে কমিয়ে আনতে হবে। অর্থ ব্যয়ের ক্ষেত্রে অপচয়, সিস্টেম লস, বিলাসিতা ইত্যাদি রোধ করে মিতব্যয়িতার নীতির প্রতিফলন ঘটাতে হবে। সব ধরনের দুর্নীতি-অনিয়ম কঠোরভাবে দমন ও নিবৃত্ত করতে হবে।

গতকাল মঙ্গলবার আসন্ন বাজেট নিয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতিম-লীর এক টেলিমিটিং সভায় এ দাবি জানানো হয়।

সভার প্রস্তাবনায় বলা হয়, আর্থিক সক্ষমতা নির্বিশেষে ধনী-দরিদ্র সবার কাছ থেকে সমান হারে তা আদায় করা হয়। এ ধরনের চরম বৈষম্যমূলক করনীতি আমূল বদলে দিয়ে মানুষের আর্থিক সক্ষমতার অনুপাতে এবং ক্রমবর্ধমান হারে করারোপ করে বাজেটের অর্থ সংস্থানের ব্যবস্থা ও কাঠামো চালু করতে হবে। খেলাপি ঋণগ্রহীতাদের কাছ থেকে পাওনা টাকা আদায়, অপ্রদর্শিত কালো টাকা ও বিদেশে পাচারকৃত কোটি কোটি টাকা দেশে ফেরত আনা ও বাজেয়াপ্ত করতে হবে। বাজেটের অর্থ ব্যয়ের ক্ষেত্রে অপচয়, সিস্টেম লস, বিলাসিতা ইত্যাদি রোধ করে মিতব্যয়িতার নীতির প্রতিফলন ঘটাতে হবে। প্রশাসনিক ব্যয় কমাতে হবে। সব ধরনের দুর্নীতি-অনিয়ম কঠোরভাবে দমন ও নিবৃত্ত করতে হবে।