চট্টগ্রামের বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতালে (ইউএসটিসি) ১০০ শয্যার করোনা ইউনিট চালু হয়েছে। তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি গতকাল মঙ্গলবার দুপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর উদ্বোধন করেন। এ হাসপাতালে করোনা মোকাবিলার সম্মুখযোদ্ধা হিসেবে সাংবাদিক ও পুলিশ সদস্যরা অগ্রাধিকার ভিত্তিতে চিকিৎসাসেবা পাবেন বলে ঘোষণা দেন তিনি। সর্বসাধারণের চিকিৎসার জন্য উন্মুক্ত এ হাসপাতালের করোনা ইউনিট পর্যায়ক্রমে ২০০ শয্যায় উন্নীত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
দুপুরে সচিবালয়ের নিজ কার্যালয় থেকে ইউএসসির করোনা ইউনিটের উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে যোগ দেন তথ্যমন্ত্রী। এছাড়া ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ও চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে বক্তব্য দেন।
চট্টগ্রামের করোনা পরিস্থিতি নিয়ে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ‘করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ১০০, জেনারেল হাসপাতালে ১০০, ইউএসটিসিতে ১০০, মা ও শিশু হাসপাতালে ৫০ ও বেসরকারি হাসপাতালগুলোতে ৫০টি শয্যা ইতিমধ্যে প্রস্তুত হয়েছে। এর বাইরে ফিল্ড হাসপাতাল ও চট্টগ্রাম সিটি কমিউনিটি সেন্টারও প্রস্তুত হচ্ছে।’
চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এ বি এম আজাদের সভাপতিত্বে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দীন, পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদ ও ইউএসটিসি বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতালের পক্ষে ট্রাস্টি বোর্ড সদস্য প্রকৌশলী নূর ই জান্নাত আয়েশা ইসলাম দীনা ভিডিও কনফারেন্সে যুক্ত হন।