ভারতে কথিত অবৈধ অভিবাসীরা জামিন পেলেও তাদের আটক থাকতে হবে এমন অদ্ভুত এক নির্দেশনা দিয়েছে দেশটির একটি আদালত।
ভারতের কর্নাটক হাইকোর্ট এমন বিতর্কিত নির্দেশ দিয়েছে বলে জানিয়েছে বিবিসি বাংলা।
ব্যাঙ্গালোরে আটক ১৫ জন কথিত বাংলাদেশির জামিনের আবেদনে রায় দিতে গিয়েই এমন নির্দেশ দেয় আদালত।
আদেশে বলা হয়, ভারতে অবৈধ অভিবাসী সন্দেহে যে বিদেশিদের আটক করা হবে, তারা জামিন পেলেও তাদের বাইরে ছাড়া যাবে না। বরং ফরেনার্স ডিটেনশন সেন্টারে আটক রাখতে হবে।
হাইকোর্ট বলেছে, কোর্টের পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত বা তাদের নিজ দেশে ফেরত না পাঠানো পর্যন্ত ডিটেনশন সেন্টারই হবে তাদের ঠিকানা।
মানবাধিকার কর্মীরা ও অনেক আইনি বিশেষজ্ঞই এই রায়ের তীব্র সমালোচনা করছেন।
তাদের মতে, কোনো ব্যক্তির নাগরিকত্বের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকাল তাকে এভাবে ডিটেনশন সেন্টারে আটকে রাখাটা চরম অমানবিক।
বিতর্কিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বিক্ষোভ করায় সন্ত্রাসবাদ দমন আইনে গ্রেপ্তার জামিয়ার অন্তঃসত্ত্বা ছাত্রী সফুরা জারগার জামিনের আবেদনও সম্প্রতি তৃতীয়বারের মতো খারিজ করে দিয়েছে দিল্লির একটি আদালত।
সফুরা এই মুহূর্তে ২১ সপ্তাহের অন্তঃসত্ত্বা। পলিসিস্টিক ওভারিয়ান ডিসঅর্ডারেও ভুগছেন। আর তাই মানবিকতার ভিত্তিতেই জামিনের আবেদন করা হয়েছিল।