কিংবদন্তি বব ডিলানের ‘দি টাইমস দে আর আ-চেঞ্জিং’ নিজের কণ্ঠে তুলে নিলেন জনি ডেপ। সুরে সুরে পুলিশের নির্যাতনে নিহত জর্জ ফ্লয়েডের প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন হলিউড তারকা, জানালেন গানটির চিরায়ত আবেদন সম্পর্কে।
সম্প্রতি ইনস্টাগ্রামে ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ তারকা একটি ভিডিও পোস্ট করেন। সেখানে লস অ্যাঞ্জলসের বাড়িতে গিটার বাজিয়ে গাইতে দেখা যায় তাকে। ক্যাপশনে যোগ করেন কোন পরিস্থিতিতে ডিলান গানটি রচনা করেছিলেন- সে কথা।
১৯৬৩ সালের নভেম্বর আমেরিকার প্রেসিডেন্ট জন এফ কেনেডি প্রকাশ্য রাস্তায় আততায়ীর হাতে নিহত হন। এ ঘটনার দুই মাস আগে গানটি লেখেন বব ডিলান, কম্পোজারও করেন ওই সময়। যাকে জনি ডেপ সকল অনায্যতার বিরুদ্ধে ‘পোয়েটিক, প্রফেটিক প্রটেস্ট সং’ হিসেবে উল্লেখ করেন। সঙ্গে জানান এই ক্ল্যাসিক ফোক সং কীভাবে করোনা, যুক্তরাষ্ট্রের বর্তমান অবস্থা ও জর্জ ফ্লয়েডের মৃত্যুর ঘটনায় আবেদন তৈরি করে। এমনকি আগে যা ঘটেছে, সামনে যা ঘটবে তার সঙ্গেও গানটিকে মেলানো যাবে।
সর্বশেষ দুই বছরে বেশ কিছু সিনেমায় দেখা গেছে জনি ডেপকে। এর মাঝে ‘ফ্যান্টাস্টিক বিস্টস’ ছাড়া বাকিগুলো উৎসব বা লিমিটেড রিলিজে সীমাবদ্ধ ছিল। বর্তমানে তার হাত রয়েছে দুটি ‘ফ্যান্টাস্টিক বিস্টস’ সিনেমা ও ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’-এর ছয় নম্বর কিস্তি। এ ছাড়া ব্যক্তিগত জীবনে সাবেক স্ত্রী অ্যাম্বার হার্ডের সঙ্গে জটিলতা এখনো কাটেনি।