সোনারগাঁয়ে আগুনে দগ্ধ ছেলের পর মায়ের মৃত্যু

সোনারগাঁয়ে আগুনে দগ্ধ মা ও ছেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

মঙ্গলবার সকালে ছেলের মৃত্যুর পর বুধবার ভোরে মায়ের মৃত্যু হয়।

গত রবিবার বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে লাগা আগুনে দগ্ধ হলে তাদের দুজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

মা-ছেলে দুজন সোনারগাঁ পৌরসভার জয়রামপুর গ্রামে সোনারগাঁ উপজেলা পরিষদের অফিস সহকারী মিজানুর রহমানের বাসায় ভাড়া থাকতেন।

এলাকাবাসী জানায়, জয়রামপুর এলাকায় সোনারগাঁ উপজেলা পরিষদের অফিস সহকারী মিজানুর রহমানের বাড়ীতে ভাড়া থাকতেন ভানু রানী দাস সুপ্রিয়া (৪৫) ও তার একাদশ শ্রেণিতে পড়ুয়া ছেলে অপূর্ব দাস শোভন।

রবিবার সকালে ডাকচিৎকারের শব্দ শুনে তাদের রুমে গিয়ে আগুন জ্বলতে দেখা যায়। এ সময় মারাত্মক দগ্ধ অবস্থায় দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ভানু রানী দাস সুপ্রিয়ার পাশের ভাড়াটিয়া রুবেল জানান, রবিবার সকালে বিকট শব্দ শুনে আমাদের পাশের রুমে গিয়ে দেখি আগুন জ্বলছে।

এ সময় সুপ্রিয়া ও তার ছেলেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। চিকিৎসাধীন অবস্থায় সুপ্রিয়ার ছেলে অপূর্ব জানায়, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুন লাগে। মুহূর্তে তা পুরো রুমে ছড়িয়ে পড়ে। কোনো কিছু বুঝে ওঠার আগেই সে ও তার মা আগুনে দগ্ধ হন।