খাগড়াছড়িতে মৌসুমী ফল ‘আম’ পরিবহনে পথে পথে অতিরিক্ত টোল আদায় বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন করেছে খাগড়াছড়ি ফলবাগান মালিক সমিতি ও মারমা ফলদ বাগান মালিক সমিতি।
বুধবার সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবের হল রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন খাগড়াছড়ি ফলদ বাগান মালিক সমিতির সাধারণ সম্পাদক জগৎ জীবন চাকমা।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, খাগড়াছড়িতে আমের গাড়ি থেকে পৌরসভা, পার্বত্য জেলা পরিষদ, বাজার ফান্ড আলাদাভাবে সিডিউলের মূল্য তালিকার অতিরিক্ত টোল আদায় করছে।
এছাড়া এসএ পরিবহন অতিরিক্ত টাকা নিচ্ছে। এতে করে এ জেলা থেকে এক গাড়ি আম অন্য জেলায় পাঠাতে অতিরিক্ত ১২-১৫ হাজার টাকা ব্যয় হয়। টোল আদায়ে হয়রানির ফলে জেলার বাইরের ব্যবসায়ীরা এখানে আসতে অনীহা প্রকাশ করায় এ বছর পাহাড়ের আম বাগান মালিকরা ক্ষতির মুখে পড়বেন জানান।
সংবাদ সম্মেলন থেকে অতিরিক্ত টোল আদায় বন্ধে সরকারে হস্তক্ষেপ কামনা করা হয় ।
সংবাদ সম্মেলনে খাগড়াছড়ি ফল বাগান মালিক সমিতির সভাপতি দিবাকর চাকমা, মারমা ফল বাগান মালিক সমিতির সভাপতি বাবুশ্যি মারমা ও সাধারণ সম্পাদক মংচিং মারমা উপস্থিত ছিলেন।