পাহাড়ি নেতা সুধাসিন্ধু খীসা মারা গেছেন

পার্বত্য চট্টগ্রামের বর্ষীয়ান রাজনীতিক সুধাসিন্ধু খীসা মারা গেছেন। গত মঙ্গলবার দিবাগত রাত ১২টা ৫ মিনিটে খাগড়াছড়িতে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক অসংগতি নিয়ে শয্যাশায়ী ছিলেন। গতকাল বুধবার বিকেলে তাকে খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার মুবাছড়িস্থ তার গ্রামের বাড়ির পারিবারিক শ্মশানে সৎকার করা হয়।

সুধাসিন্ধু খীসা ষাটের দশকের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বামপন্থি মেধাবী ছাত্রনেতা, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি এমএন লারমা দলের সাবেক সভাপতি ও আঞ্চলিক পরিষদ সদস্য। তিনি একজন সুবক্তা ও শিক্ষা-দীক্ষার জন্য পার্বত্য জেলার মানুষের কাছে জনপ্রিয় ছিলেন। সত্তরোর্ধ্ব এই নেতা মৃত্যুকালে স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন।

সুধাসিন্ধু খীসার মৃত্যুতে পার্বত্য চট্টগ্রাম শরণার্থী টাস্কফোর্স চেয়ারম্যান ও খাগড়াছড়ির সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা, সাবেক এমপি যতীন্দ্র লাল ত্রিপুরা, নারী সাংসদ বাসন্তী চাকমাসহ গণমাণ্য ব্যক্তি ও সংগঠন শোক জানিয়েছে।