আসামের বাঘজানে অয়েল ইন্ডিয়া লিমিটেডের (ওআইএল) প্রাকৃতিক গ্যাসকূপের আগুন নেভাতে গিয়ে প্রাণ হারিয়েছেন দুই দমকল কর্মী। গত মঙ্গলবার আগুন লাগার খবর পেয়ে ছুটে গিয়েছিলেন তারা। গতকাল বুধবার সকালে এ দুই কর্মীর মরদেহ উদ্ধার করেছেন জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনীর (এনডিআরএফ) সদস্যরা।
এনডিটিভি জানিয়েছে, দুই সপ্তাহ ধরেই গ্যাস বের হচ্ছিল কূপটি থেকে। মঙ্গলবার সেখানে হঠাৎ আগুন লেগে যায়। আগুন নেভাতে ঘটনাস্থলে ছুটে যায় দমকল বাহিনী। তাদের মধ্য থেকে হঠাৎ নিখোঁজ হন দুই কর্মী। বুধবার সকালে একটি জলাশয়ের পাশ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। গ্যাসকূপের আগুন নিয়ন্ত্রণে সহায়তার জন্য সিঙ্গাপুর থেকে তিন সদস্যের একটি বিশেষজ্ঞ দল ভারতে পৌঁছে কাজ শুরু করেছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে চার সপ্তাহ সময় লাগতে পারে।
দমকলকর্মীদের পাশাপাশি ভারতীয় বিমানবাহিনীর সদস্যরাও আগুন নেভানোর কাজ করছেন। আসাম সরকারের অনুরোধে সাড়া দিয়ে এগিয়ে এসেছে ভারতীয় সেনাবাহিনী ও এনডিআরএফ। আধা-সামরিক বাহিনী দিয়ে ঘিরে রাখা হয়েছে গোটা এলাকা। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, আগুনের লেলিহান শিখা ৩০ কিলোমিটার দূর থেকেও দেখা যাচ্ছিল। এ কারণে আশপাশের এলাকার মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।