মোহনপুরে শ্বশুরবাড়িতে গিয়ে বালিশচাপা দিয়ে স্ত্রীকে হত্যা

রাজশাহীর মোহনপুরে স্ত্রীকে বালিশচাপা দিয়ে হত্যার দায়ে মনিরুল ইসলাম (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার দিনগত রাত ১টার দিকে উপজেলার জাহানাবাদ ইউনিয়নের মোল্লাডাঙ্গী গ্রামে শ্বশুরবাড়িতে গিয়ে স্ত্রীকে বালিশচাপা দিয়ে হত্যার পর পালিয়ে যান মনিরুল। পরে গতকাল বুধবার দুপুরে পুলিশ বাগমারা থেকে তাকে গ্রেপ্তার করে।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত গৃহবধূ আঁখি আক্তার (২২) উপজেলার মোল্লাডাঙ্গী গ্রামের প্রতিবন্ধি আয়নাল হক প্রামাণিকের মেয়ে। তার দেড় বছরের একটি মেয়ে শিশু রয়েছে।

আয়নাল হক জানান, তিন বছর আগে যৌতুক দিয়ে বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার খাজাপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে পাঁপড় বিক্রেতা মনিরুল ইসলামের সঙ্গে আনুষ্ঠানিকভাবে বিয়ে দেন তার মেয়ের। তিনি বলেন, ‘বিয়ের পর যৌতুক হিসেবে আরও টাকা চাওয়াকে কেন্দ্র করে সব সময় সংসারে ঝগড়া-বিবাদ লেগেই ছিল। তার ওপর স্বামীর পরিবারের শারীরিক ও মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে আমার মেয়ে ঈদুল ফিতরের কয়েকদিন আগে মোহনপুর মোল্লাডাঙ্গী গ্রামে আমার বাড়িতে আসে। তখন থেকে সে আমার বাড়িতেই থাকে। গত মঙ্গলবার সন্ধ্যার পরে মনিরুল শ্বশুরবাড়িতে গিয়ে বলে, ‘আমার ভুল হয়েছে। আমি এখন এখানে থেকে পাঁপড়ের ব্যবসা করব।’ রাতের খাবার শেষে শ্বশুরবাড়িতেই থেকে যায় মনিরুল। রাত ১টার দিকে নাতনি মিম কান্নাকাটি করলে বাড়ির লোকজন এগিয়ে যায়। তারা দেখতে পায় বাইরে থেকে শিকল দিয়ে তাদের শোবার ঘর আটকানো। দরজা খুলে দেখা যায়, মেয়ের নিথর দেহ পড়ে আছে বিছানায়। মনিরুল ঘরে নেই।

অপরদিকে, চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের দরগামুড়া পাহাড় থেকে এনামুল হক (৪৫) নামে এক বাঁশ ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার সকালে এ লাশ উদ্ধার করা হয়। নিহত এনামুল হক ওই এলাকার জালাল আহমদের ছেলে এবং চার সন্তানের জনক। তার বাড়ি পুটিবিলা এমচর হাট সিএনজি স্টেশন সংলগ্ন।