সীতাকুন্ডে ৭ পুলিশসহ এক দিনে আক্রান্ত ১৫ জন

সীতাকুন্ড থানার ৭ পুলিশ সদস্যসহ উপজেলায় একই দিনে ১৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে থানার ১ জন ইন্সপেক্টর, ১ জন এসআই ও ৮ জন পুলিশ সদস্যের করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে।

বুধবার রাত ১২টার দিকে সিভিল সার্জন অফিস থেকে পাওয়া ফলাফলে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দেওয়া তথ্যানুযায়ী, উপজেলায় এ পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৫৩ জন। এর মধ্যে মারা গেছেন ৪ জন, সুস্থ হয়েছেন ৬০ জন।

সীতাকুন্ড থানার সূত্র মতে, করোনার লক্ষণ নিয়ে ৬ জুন একরামুল হক (৪৫) নামের একজন এসআই মারা যান। পরবর্তীতে সেদিন রাতেই প্রাপ্ত ফলাফলে তার করোনা পজিটিভ ধরা পড়ে। এরপর একই দিন ২৪ জন ও পরদিন আরো ১০ জনসহ মোট ৩৪ জনের নমুনা দেওয়া হয়।

এর মধ্যে যে ৭ জনের ফলাফল পাওয়া গেছে সবার করোনা পজিটিভ পাওয়া যায়। আক্রান্ত ইন্সপেক্টর ও এক সদস্য ইতিপূর্বে চট্টগ্রামের হালিশহরস্ত পুলিশ লাইন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আক্রান্ত বাকিরাও বৃহস্পতিবারের মধ্যে একই হাসপাতালে ভর্তি হবেন।

সীতাকুন্ড থানার ওসি (অপারেশন) আবুল কালাম আজাদ জানান, ফলাফল পাওয়া ৭ জনের মধ্যে সবার করোনা পজিটিভ হওয়াতে বাকিরাও ঘাবড়ে গেছে। আক্রান্ত সবাই সর্দি, জ্বর ও কাশিতে ভুগছেন। তবে শ্বাসকষ্ট নেই কারো। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শ অনুযায়ী বৃহস্পতিবারের মধ্যে সবাইকে পুলিশ লাইন হাসপাতালে ভর্তি করা হবে।