ভাইরাল হওয়া বক্তব্য নিয়ে যা বললেন জবি ভিসি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের চলমান মেস ভাড়া সমস্যা নিয়ে উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমানের মুঠোফোন আলাপের খণ্ডিত অংশ সামাজিক যোগাযোগ মধ্যমে ভাইরাল হয়েছে। বুধবার রাতে ভাইরাল হওয়া মুঠোফোন আলাপ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদে সরব হয়েছে একটি অংশ।

এ বিষয়ে জানতে জবি উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমানের সাথে যোগাযোগ করা হলে দেশ রূপান্তরকে তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ফোনালাপ পাওয়া যাচ্ছে তা সম্পূর্ণ নয়। যে এটি ভাইরাল করেছে তাকে সম্পূর্ণ ফোনালাপটি ভাইরাল করতে বলেন।

মুঠোফোন আলাপের খণ্ডিত অংশে উপাচার্যকে বলতে শোনা যায়, আমি মনে হয় সব থেকে গরিবের বাচ্চাদের ডেকে এনে এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি করিয়েছি। তোমরা এতো মিসকিন, নিজেদের আত্মমর্যাদা পর্যন্ত নেই। তোমাদের তো বিয়া হবে না। বিয়ে করতে গেলে বলবে সব গরিবের বাচ্চা তোমরা! আমি কি বিজ্ঞাপন দিয়েছিলাম যে, দরিদ্রদের ভর্তি করা হয়। এটা কি দরিদ্রদের এতিমখানা, মাদ্রাসা? বিড়ি-সিগারেট, বিরিয়ানি, আইসক্রিম, রিক্সা ভাড়া, বান্ধবীরে খাওয়ানো লাগতেছেনা। এসব টাকা দিয়ে বাড়ি ভাড়া দিচ্ছো না কেন!’

জবি ভিসি দেশ রূপান্তরকে বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মেসে থাকতে হয়। তাদের সকলের মেস ভাড়া দেয়া তো বিশ্ববিদ্যালয়ের পক্ষে সম্ভব নয়। তাছাড়া এখন সব শিক্ষার্থীরা বাড়িতে আছে এখন মেস ভাড়া দিতে হচ্ছে না। যখন তারা মেসে ফিরবে তখন সবকিছু ঠিক হলে মেস ভাড়া দিবে। মেসের মালিক যদি বাসা হতে মালপত্র বের করে দেয় তাহলে মালিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা করা যাবে।

ফোনালাপ সম্পর্কে তিনি আরও বলেন, ফোনালাপটি সাধারণ আলোচনার সাপেক্ষে বলা হয়েছে। কাউকে ছোট করে বলা হয়নি। আমরা যেমন কোনো আলোচনা শেষে সাধারণভাবে কথা বলি বিষয়টি নিয়ে ঠিক তেমনই কথা হয়েছিল বিষয়টি নিয়ে একজন সাংবাদিক এর সাথে হয়েছে। সে সম্পূর্ণ ফোনালাপ না দিয়ে সেই অংশটি ভাইরাল করে দিয়েছে।