ব্যাটারিচালিত টমটম চালিয়ে অভাবের সংসারে বাবাকে সাহায্য করতেন মোহন মিয়া (১৭)। একই সাথে চালিয়ে যেতেন লেখাপড়া। চলতি এসএসসি পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছিলেন। কিছুদিন পরেই কলেজে ভর্তি শুরু হবে। বুক ভরা আশা নিয়ে অপেক্ষা করছিলেন তিনি। কিন্তু সে আশা গুড়েবালি হয়ে গেছে একটি দুর্ঘটনায়। সারারাত পুলিশের ডিউটি সেরে সকালে টমটমের চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল তার। বড় ছেলেকে হারিয়ে নির্বাক দুধ বিক্রেতা দয়াল মিয়ার পরিবার।
স্থানীয় সূত্রে জানা যায়, আজমিরগঞ্জ উপজেলা সদরের রনিয়া গ্রামের দয়াল মিয়ার স্ত্রী, ৩ ছেলে ২ মেয়ে নিয়ে পরিবার। দুধ বিক্রি করে তার সংসার চলে। সংসারের ঘানি টানার কাজে টমটম চালিয়ে বাবাকে সাহায্য করতেন মোহন।
একই সাথে চালিয়ে গেছে নলেখাপড়া। আজমিরিগঞ্জ থানার টহল পুলিশকে নিয়ে বুধবার সারারাত ডিউটি করেন। বৃহস্পতিবার সকালে টমটম নিয়ে গ্যারেজে ব্যাটারি চার্জ দিতে যায়। বৃষ্টিতে ভিজে থাকা ত্রুটিপূর্ণ তারে হাত দেওয়া মাত্র বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাকে আজমিরিগঞ্জ হেলথ কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আজমিরিগঞ্জ থানার ওসি মোশাররফ হোসেন মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
এদিকে হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যাহ দরিদ্র মোহনের পরিবারকে সাহায্য করা হবে বলে জানিয়েছেন।