ডা. জাফরুল্লাহর ফুসফুসের ধীরে ধীরে উন্নতি হচ্ছে

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি করোনায় সংক্রমিত ডা. জাফরুল্লাহ চৌধুরীর নিউমোনিয়া আক্রান্ত ফুসফুসের ধীরে ধীরে উন্নতি হচ্ছে এবং অক্সিজেন গ্রহণের পরিমাণ কমে আসছে ।

বৃহস্পতিবার গণস্বাস্থ্য নগর হাসপাতালের চিকিৎসক অধ্যাপক ডা. ব্রিগেডিয়ার জেনারেল (অব) মামুন মোস্তাফি এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ডা. জাফরুল্লাহকে নিয়মিত ডায়ালাইসিস, পরিমিত অ্যান্টিবায়োটিক ও বিশেষায়িত ফিজিয়োথেরাপি দেয়া হচ্ছে ।

এদিকে ডা. জাফরুল্লাহ চৌধুরীর চিকিৎসায় অনলাইনে একটি মেডিকেল টিম গঠন করেছে গণস্বাস্থ্য কেন্দ্র। তারা ভার্চুয়াল বৈঠকের বসে তার স্বাস্থ্যের অবস্থা পর্যালোচনা করেছেন।

ডা. জাফরুল্লাহ চৌধুরী বর্তমানে নিজের স্থাপিত প্রতিষ্ঠান গণস্বাস্থ্য নগর হাসপাতালে ব্রি. জেনারেল অধ্যাপক ডা. মামুন মুস্তাফি, অধ্যাপক ডা. নজীবের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন।

গত ২৫ মে ডা. জাফরুল্লাহ চৌধুরীর করোনা শনাক্ত হয়। গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত কিট দিয়ে পরীক্ষাতেই তার করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

এরপরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) পিসিআর পরীক্ষাতেও তার করোনাভাইরাস শনাক্ত হয়। তিনি গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন।