ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আর আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সাক্ষী রেখে ভারতের একটি আদালতে চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের নামে মামলা করেছেন মুরাদ আলী নামের এক আইনজীবী।
বিহারের ওই আইনজীবী মামলায় আদালতের কাছে আন্তর্জাতিকভাবে বিষয়টি আলোচনায় আনার আহ্বান জানিয়েছেন।
অবাক করার বিষয় হল মুরাদের মামলায় আদালত শুনানির দিন ঠিক করেছে! ১৬ জুন এই মামলার শুনানি হবে।
ভারতীয় দণ্ডবিধির ২৬৯, ২৭০, ২৭১, ৩০২, ৩০৭, ৫০০, ৫০৪ এবং ১২০ (খ) ধারায় মামলা দায়ের করেন মুরাদ।
আইনজীবী মুরাদ আলীর অভিযোগ, সারা বিশ্বে করোনা ছড়ানোর কাজটা হাত মিলিয়ে করেছে চীন আর বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আর এতে দুনিয়াজুড়ে লাখ লাখ মানুষের মৃত্যু হয়েছে।
করোনা ইস্যুতে চীনা প্রেসিডেন্টের বিরুদ্ধে মামলা অবশ্য ভারতে এটিই প্রথম নয়। এর আগে বিহারের মুজফফরপুর অঞ্চলেও একই অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়েছিল। সেই মামলার শুনানিও হয়েছিল। তবে তার পরিণতি জানা যায়নি।
চীনের বিরুদ্ধে অনেক দেশেই এমন মামলা হচ্ছে। এসব মামলায় কোনো দেশ অবশ্য শাস্তি ঘোষণা করতে পারে না। তবে অভিযুক্ত দেশের ওপর নিজেদের আইন অনুযায়ী নানা ধরনেরে ব্যাবসায়িক এবং কূটনৈতিক বিধিনিষেধ আরোপ করা যায়। তাতে দুই দেশের সরকারের সঙ্গে সম্পর্ক নষ্ট হওয়ার শঙ্কা থাকে।