করোনা মহামারীর মধ্যে অর্থনীতি সচল করতে বাজারে বাড়তি মুদ্রাপ্রবাহের কারণে ঝুঁকি থাকলেও নতুন অর্থবছরে গড় মূল্যস্ফীতি ৫ দশমিক ৪ শতাংশে বেঁধে রাখার আশা করছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২০-২১ অর্থবছরের বাজেট বক্তৃতায় এমন আশাবাদ ব্যক্ত করেন তিনি।
আগামী ২০২০-২১ অর্থবছরের জন্য ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব করেন অর্থমন্ত্রী, যার অর্থায়ন এক-তৃতীয়াংশই ঋণ ও অনুদান নির্ভর।
অর্থমন্ত্রী বলেন, মহামারীর অর্থনৈতিক অভিঘাত মোকাবিলায় সরকার চারটি কৌশল ধরে এগোবে। এর মধ্যে সর্বশেষটি হলো- বাজারে মুদ্রা সরবরাহ বৃদ্ধি করা।
তিনি বলেন, ‘তবে এ কৌশলটি আমরা অত্যন্ত সতর্কতার সঙ্গে বাস্তবায়ন করছি, যাতে মূল্যস্ফীতির নেতিবাচক প্রভাব নিয়ন্ত্রণ করা যায়। আশা করছি, এই সময়ে মূল্যস্ফীতি থাকবে ৫ দশমিক ৪ শতাংশ।’
উল্লেখ্য, বিদায়ী ২০১৯-২০ অর্থবছরে ৫ দশমিক ৫ শতাংশ মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ছিল। তবে মে মাস পর্যন্ত মূল্যস্ফীতি ৫ দশমিক ৬১ শতাংশ ছিল বলে জানায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো-বিবিএস।