রপ্তানি পণ্যে উৎসে কর কমানোর প্রস্তাব

২০২০-২১ অর্থবছরের বাজেটে পণ্য রপ্তানির ক্ষেত্রে উৎসে কর কমানোর প্রস্তাব করা হয়েছে। রপ্তানি মূল্যের ওপর দশমিক ৫ শতাংশ হারে উৎসে কর কমানোর প্রস্তাব হয়েছে।

তবে পোশাক কারখানা মালিকদের আবেদনের প্রেক্ষিতে গত ২১ অক্টোবর জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে পোশাকে উৎস কর কমিয়ে দশমিক ২৫ শতাংশ করে। সে হিসাবে বাজেট প্রস্তাবনা কার্যকর হলে এ খাতের উৎসে কর বাড়বে।

বৃহস্পতিবার একাদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ২০২০-২১ অর্থবছরের বাজেট উপস্থাপন করে রপ্তানি পণ্যে উৎসে কর কমানোর প্রস্তাব করেন।

অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাকসহ সব ধরনের পণ্য ও সেবা রপ্তানি খাত কোভিড-১৯ এর কারণে বাধাগ্রস্ত হয়েছে। তাই রপ্তানি খাতকে সার্বিক সহায়তার অংশ হিসাবে আয়কর অধ্যাদেশে উল্লেখিত উৎসে করের হার কমানোর প্রস্তাব করছি।
আয়কর অধ্যাদেশে তৈরি পোশাকসহ সব ধরনের পণ্যের রপ্তানি মূল্যের ওপর ১ শতাংশ হারে উৎসে কর কর্তনের বিধান রয়েছে। 

অর্থমন্ত্রী সংসদে বলেন, আমি আয়কর অধ্যাদেশে তৈরি পেশাকসহ সব ধরনের পণ্যের রপ্তানি মূল্যের ওপর উৎসে কর কর্তনের হার ১ শতাংশ থেকে হ্রাস করে দশমিক ৫ শতাংশ নির্ধরণের প্রস্তাব করছি।