সিলেট নগরীর শহিদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টারে চিকিৎসাধীন ৩ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার তারা মারা যান।
এদের মধ্যে একজন করোনা আক্রান্ত এবং ২ জন করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিলেন। শহিদ শামসুদ্দিন হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. সুশান্ত কুমার মহাপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন।
মৃতরা হলেন, সিলেটের গোলাপগঞ্জের মতিন মিয়া (৬০)। তিনি করোনাভাইরাসজনিত কভিড-১৯ রোগে আক্রান্ত ছিলেন। এছাড়া করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া ২ জন হলেন সিলেটের দক্ষিণ সুরমার উপজেলার গোটাটিকর গ্রামের আব্বাস আলী (৯০) ও সিলেট সদর উপজেলার পারভিন বেগম (৪৫)।
ডা. সুশান্ত আরও জানান, শহিদ শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন আরও ১০ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে আইসিইউতে রাখা হয়েছে।
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, বৃহস্পতিবার পর্যন্ত সিলেট বিভাগে করোনা আক্রান্ত মোট রোগীর সংখ্যা ১ হাজার ৯৬৩ জন। এ পর্যন্ত মারা গেছেন ৪১ জন। বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৩৮০ জন। ইতিমধ্যে চিকিৎসায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৩৩ জন।