আফগানিস্তানে মার্কিন সেনাদের বিরুদ্ধে ওঠা যুদ্ধাপরাধের অভিযোগ তদন্ত করায় ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের (আইসিসি) কর্মীদের ভিসা নিষিদ্ধের পাশাপাশি অর্থনৈতিক নিষেধাজ্ঞা অনুমোদন করেছেন ডোনাল্ড ট্রাম্প।
আল-জাজিরা জানিয়েছে, আইসিসি আমেরিকাকে না জানিয়ে অভিযোগের তদন্ত শুরু করায় হোয়াইট হাউজ রীতিমতো ক্ষেপে গেছে। কোর্টের এই পদক্ষেপকে আমেরিকার জনগণ এবং তাদের ‘জাতীয় সার্বভৌমত্বের ওপর আক্রমণ’ বলে মনে করছে ট্রাম্প প্রশাসন।
আমেরিকার এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এপিকে বলেন, আইসিসির এই পদক্ষেপের পেছনে রাশিয়ার ইন্ধন থাকতে পারে।
প্রতিবেদনে বলা হয়েছে, এই তদন্তের সঙ্গে সরাসরি যেসব কর্মকর্তা যুক্ত তাদের ভিসা দেয়া হবে না। ওই কর্মকর্তাদের পরিবারের সদস্যদেরও ভিসা দেয়া হবে না। আর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা হবে ধাপে ধাপে, নানা প্রেক্ষিতে।
আমেরিকা আইসিসির সঙ্গে আগে থেকে নেই। দেশটি বেশ কয়েকবার হেগ-ভিত্তিক এই কোর্টকে নানা বিষয়ে সাবধান করেছে।