ইংল্যান্ড সফরে যাচ্ছেন না আমির-হারিস

পাকিস্তান দলের আসছে ইংল্যান্ড সফরে যাচ্ছেন না পেস বোলার মোহাম্মদ আমির ও মিডল অর্ডার ব্যাটসম্যান হারিস সোহেল। দুজনই নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছেন।

বৃহস্পতিবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

আগস্টে দ্বিতীয় সন্তানের মুখ দেখার অপেক্ষায় আমির। সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতে নিজেকে সরিয়ে নিয়েছেন আমির। অন্যদিকে ব্যক্তিগত কারণ দেখিয়ে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন হারিস।

ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শেষে আগস্ট-সেপ্টেম্বরে পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজ খেলবে ইংল্যান্ড। তিনটি টেস্ট ও সমান সংখ্যক টি-টোয়েন্টি খেলার কথা দুই দলের।

টেস্ট থেকে অবসর নেওয়া আমির পিসিবির ২০২০-২১ মৌসুমের কেন্দ্রীয় চুক্তিতে নেই। ইংল্যান্ড সিরিজে তিনি শুধু টি-টোয়েন্টির জন্য বিবেচিত হতেন। হারিস অবশ্য থাকতেন দুই ফরম্যাটেই।

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল এরই মধ্যে ইংল্যান্ডে পৌঁছেছে। ম্যানচেস্টারে কোয়ারেন্টাইন পর্ব শেষে টেস্ট খেলতে নামবে তারা। করোনাভাইরাসের কারণে দীর্ঘ বিরতির পর এই সিরিজ দিয়েই ফিরবে আন্তর্জাতিক ক্রিকেট।

করোনাভাইরাসের কারণে ইংল্যান্ড সফরে যাননি শিমরন হেটমায়ার, ড্যারেন ব্রাভো এবং কিমো পল। এবার পাকিস্তান দলের দুই সদস্য নিজ ইচ্ছায় যাচ্ছেন না ইংল্যান্ডে। যদিও তাদের কারণ ভিন্ন।

আমির এবং হারিসকে ছাড়াই ইংল্যান্ড সফরের ক্যাম্পের জন্য ২৮ জন ক্রিকেটারের নাম ঘোষণা করেছে পিসিবি। থাকবেন ১৪ জন সাপোর্ট স্টাফ। যার মধ্যে আছেন ইউনিস খান ও মোশতাক আহমেদ। ইংল্যান্ড সফরের জন্য এই দুজন যথাক্রমে ব্যাটিং কোচ ও স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন।