সামাজিক যোগাযোগ মাধ্যমে করোনাভাইরাস নিয়ে মজা করে ভিডিও পোস্ট করেছিলেন টটেনহ্যাম মিডফিল্ডার ডেলে আলি। ফেব্রুয়ারিতে পোস্ট করা সেই ভিডিওর জন্য শাস্তি পেতে হলো তাকে।
২৪ বছর বয়সী তারকাকে প্রিমিয়ার লিগে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ইংলিশ ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা- এফএ।
ফলে ইংলিশ প্রিমিয়ার লিগে ১৯ জুন ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে খেলা হবে না তার। সঙ্গে ৫০ হাজার পাউন্ড জরিমানাও করা হয়েছে আলিকে।
ফেব্রুয়ারিতে স্ন্যাপচ্যাটে ভিডিওটি পোস্ট করেছিলেন ডেলে আলি। যেখানে করোনাভাইরাস নিয়ে একরকম মজাই করেছেন টটেনহ্যাম তারকা। এ ছাড়া একজন এশিয়ান লোককে নিয়েও উপহাস ফুটে ওঠে তার ওই ভিডিওতে।
আলি নিজের ভুল বুঝতে পেরেছেন এবং শাস্তি মেনে নিয়েছেন। বলেছেন, ‘ভাইরাস নিয়ে এটা খুবই বাজে ধরনের জোক ছিল। আমরা কল্পনাও করতে পারিনি এটা কতটা ভয়াবহ হতে পারে।’ তবে বর্ণবাদী হিসেবে শাস্তি হয়নি বলে এফএর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আলি।
করোনা ভাইরাসের কারণে মার্চে স্থগিত হয়ে যায় প্রিমিয়ার ফুটবল লিগ। তিন মাস পর ১৭ জুন থেকে ফের মাঠে গড়াবে ইউরোপের অন্যতম শীর্ষ এই প্রতিযোগিতা।