প্রস্তাবিত ২০২০-২১ অর্থবছরের বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেনি বলে মন্তব্য করেছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান। তিনি বলেছেন, ‘বাজেটে করোনায় আক্রান্ত খাতগুলো ততটা মনোযোগ পায়নি। প্রবৃদ্ধি বেশি দেখানোর প্রবণতায় বাজেট বাস্তবায়ন প্রশ্নবিদ্ধ করছে।’
গতকাল বৃহস্পতিবার বাজেটপরবর্তী প্রতিক্রিয়ায় এসব কথা বলেন খালেকুজ্জামান। তিনি আরও বলেন, ‘গতবারের তুলনায় ৪৫ হাজার কোটি টাকার বেশি বাজেট ঘোষিত হয়েছে। এতে কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক সুরক্ষা, কর্মসংস্থান খাতে টাকার অঙ্কে বরাদ্দ সামান্য বাড়লেও আনুপাতিক বৃদ্ধি মোটেও হয়নি। উচ্চ আয়ের ক্ষেত্রে ধার্য কর ৫ শতাংশ কমিয়ে ২৫ করা হয়েছে। ফলে মাসে ২৫ হাজার টাকার ওপরে আয় করলেই তাকে কর দিতে হবে।’
বাসদ সম্পাদক বলেন, ‘সাধারণ মানুষের ওপর করের বোঝা চাপানো হলেও নানা উপায়ে অঢেল সম্পদের মালিক বনে যাওয়াদের কর বাড়ানোর পদক্ষেপ নেওয়া হয়নি। বরং উৎস, করপোরেট করসহ নানা ক্ষেত্রে রেয়াতের কথা বলা হচ্ছে। এতে দেশে ধনী-দরিদ্রের ব্যবধান বাড়বে। নমনীয় শর্তে অপ্রদর্শিত আয় বৈধ (কালো টাকা সাদা) করার সুযোগ রাখায় দুর্নীতি আরও বাড়বে।’