বিএনপির আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আজ

স্বাস্থ্য খাতে স্বচ্ছতাও নিশ্চিত করতে হবে : মোশাররফ

২০২০-২০২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে আজ শুক্রবার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার রাজধানীর উত্তরার বাসায় বসে অনলাইনে এ প্রতিক্রিয়া জানাবেন। গতকাল বৃহস্পতিবার দেশ রূপান্তরকে এ কথা জানান বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপির স্থায়ী কমিটির প্রভাবশালী সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন দেশ রূপান্তরকে বলেন, দেশে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পর স্বাস্থ্য খাতের ভঙ্গুর অবস্থা স্পষ্ট হয়ে উঠেছে। পাশাপাশি স্বাস্থ্য খাতে ব্যাপক দুর্নীতির চিত্র উঠে এসেছে। অবাক করার বিষয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রভাবশালীদের ছত্রছায়ায় সিন্ডিকেট গড়ে উঠেছে। এ অবস্থায় স্বাস্থ্য খাতের আমূল সংস্কার জরুরি হয়ে পড়েছে। এ খাতে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। তাহলে যদি কাজ কিছুটা হয়। না হয় যেখানে বাজেটের অর্থ রাখা হবে তলানি দিয়ে সব বেরিয়ে যাবে। জনগণের কোনো কাজে আসবে না।  সাবেক এই মন্ত্রী বলেন, বিএনপির পক্ষ থেকে যে বাজেট প্রস্তাবনা তুলে ধরা হয়েছিল তাতে স্বাস্থ্য খাতে সর্বোচ্চ বরাদ্দ রাখার আহ্বান জানানো হয়েছিল।

মোবাইল ফোন ব্যবহারে করারোপের বিষয়ে তিনি বলেন, মোবাইলে টাকা রিচার্জ করার পর যে পরিমাণ টাকা কেটে রাখার প্রস্তাব বাজেটে করা হয়েছে তা মড়ার উপর খাঁড়ার ঘা হিসেবে জনগণের সামনে প্রতীয়মান হবে। কারণ মোবাইল ফোন এখন ফ্যাশন নয়, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মতো। গরিব মানুষও মোবাইল ফোন ব্যবহার করে। এখন এই করোনা দুর্যোগের সময়ে মানুষ প্রতিনিয়ত নিজেদের মধ্যে যোগাযোগ করেন। মোবাইলের ওপর করারোপ করা ঠিক হবে না।