মৌসুমি বায়ু তথা বর্ষা শনিবারের মধ্যে সারাদেশে বিস্তার লাভ করবে। এতে বাড়বে বৃষ্টিপাত বাড়বে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, মৌসুমি বায়ু চট্টগ্রাম, বরিশাল, সিলেট ও ঢাকার পূর্বাংশ পর্যন্ত অগ্রসর হয়েছে। আরও অগ্রসর হওয়ার আবহাওয়াগত অবস্থা অনুকূলে রয়েছে।
শুক্রবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টায় বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়; ঢাকা, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে।
এদিকে লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এবং এর আশেপাশের এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হচ্ছে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে বৃহস্পতিবার ৩ (তিন) নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।