৮ আশ্রয়হীনকে বিষমাখা খাবার দিয়ে ভিডিও ধারণ!

খাবারের সঙ্গ বিষ মিশিয়ে আটজন আশ্রয়হীনকে খেতে দেওয়ায় যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিবিসি জানিয়েছে, অসহায় মানুষগুলো অসুস্থ হয়ে পড়লে উইলিয়াম রবার্ট ক্যাবেল নামের ৩৮ বছর বয়সী ওই ব্যক্তি ভিডিও করেন।

পুলিশ জানিয়েছে, ভুক্তভোগীদের হাসপাতালে নেয়া হয়েছে। কর্মকর্তাদের ধারণা, আরও আশ্রয়হীন মানুষকে টার্গেট করেছিলেন ক্যাবেল। অভিযোগ প্রমাণিত হলে তার ১৯ বছরের জেল হতে পারে।

অরেঞ্জ কাউন্টির জেলা অ্যাটর্নি টড স্পিজিটর সাংবাদিকদের বলেন, ‘আক্রমণকারী মজা করতে খাবারে বিষাক্ত পদার্থ মেশান। ভুক্তভোগীদের যন্ত্রণা আমরা রেকর্ড করেছি। অভিযুক্তকে এটি বারবার শুনিয়ে মানুষের ব্যথা বোঝানো হবে।’

নির্মম এই ঘটনা বেশ কয়েকদিন আগে ঘটেছে। হান্টিংটন সমুদ্র সৈকত এলাকায় যে আশ্রয়হীন মানুষেরা ঘোরাফেরা করেন তাদের এভাবে খাবার দেয়া হয়। বিভিন্ন ধরনের আন্দোলনের সময় পুলিশ যে পিপার স্প্রে ব্যবহার করে খাবারে তার চেয়ে দ্বিগুণ মাত্রার ক্ষতিকর পদার্থ ছিল।

কয়েক জন ভুক্তভোগী জানান, তাদের খাবারের প্রতিযোগিতায় অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছিল। কেউই জানতেন না তাতে কী মেশানো ছিল।

খাওয়ার সঙ্গে সঙ্গে সবাই বমি করতে শুরু করেন।