এক একা আমেরিকায় যাওয়া নিনা এখন ডেমোক্র্যাট প্রার্থী

বাংলাদেশ থেকে ২১ বছর বয়সে একা আমেরিকা যাওয়া নিনা আহমেদ পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের প্রাইমারি নির্বাচনে অডিটর জেনারেল পদে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন। মূল নির্বাচনে জয়ী হলে আমেরিকার ইতিহাসে এই প্রথম কোনো বাংলাদেশি বংশোদ্ভূত রাজ্য পর্যায়ের একটি সম্মানজনক পদে নির্বাচিত হবেন।

মিডিয়াম নামের একটি ওয়েবসাইটে নিজের প্রার্থী নির্বাচিত হওয়ার খবর নিজেই লিখেছেন নিনা। সেখানে জানিয়েছেন, মুক্তিযুদ্ধ পরবর্তী বাংলাদেশের অস্থিরতায় তিনি আমেরিকায় পাড়ি দেন। পেনসিলভানিয়া ইউনিভার্সিটিতে রসায়নে পিএইচডি করার আগে সেখানে খুব কম বেতনে ওয়েট্রেসের কাজ করেছেন।

২ জুন অনুষ্ঠিত নির্বাচনের সব ভোট গণনার পর নিনা আহমেদকে ১১ জুন আনুষ্ঠানিকভাবে নির্বাচিত ঘোষণা করা হয়। অন্তত ৬০ হাজার ভোটে এগিয়ে থাকা নিনা আহমেদকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাইকেল ল্যাম্ব অভিনন্দন জানিয়েছেন।

এর আগে ওবামা প্রশাসনের সঙ্গে কাজ করা বিজ্ঞানী নিনা আহমেদ একজন নারীবাদী ও প্রথম প্রজন্মের বাংলাদেশি-আমেরিকান।

প্রার্থিতা ঘোষণা করে তিনি বলেছিলেন, অডিটর জেনারেল হিসেবে নির্বাচিত হলে সরকারি অফিসে যৌন হয়রানি বন্ধের বিষয়ে গুরুত্ব দেবেন। জীবন রক্ষাকারী ওষুধের ব্যয় কমানোর চেষ্টা করবেন এবং অডিটর জেনারেল অফিসের ক্ষমতা ব্যবহার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় ডেটা ও রিসোর্স সরবরাহ করে এনআরএর সঙ্গে আলোচনার মাধ্যমে অস্ত্র সুরক্ষা আইন পাস করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।

নিনা বলেছেন, কর্মক্ষেত্রে বৈষম্য ও যৌন হয়রানির বিরুদ্ধে লড়াই করতে সর্বোচ্চ চেষ্টা করবেন, যা নারী ও অন্য বর্ণের মানুষকে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করে।