বগুড়ায় গত কয়েক দিনের তুলনায় করোনা ভাইরাসে সংক্রমন কমেছে। গত ২৪ ঘন্টায় জেলায় শিশুসহ ৫১ জন আক্রান্ত হয়েছেন। বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন এ তথ্য নিশ্চিত করেছেন। এ ছাড়া সন্ধ্যায় করোনা আক্রন্ত অবস্থায় বাড়িতে চিকিৎসাধীন এক ব্যক্তি মারা গেছেন।
ডেপুটি সিভিল সার্জন জানান, শুক্রবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ থেকে ১৮৮ টি নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে ৩৪ জনের রিপোর্ট পজিটিভ। এছাড়া টিএমএসএস মেডিকেল কলেজে ৮৬ টি নমুনা পরীক্ষার ফলাফলে বগুড়ার ১৭জন পজিটিভ। আক্রান্তদের মধ্যে পুরুষ ৩৩ জন, মহিলা ১৩জন ও শিশু ৫ জন। এদের মধ্যে বগুড়া সদর উপজেলায় ২৯জন, শিবগঞ্জে ৭জন, গাবতলীতে ১০ জন, দুপচাচিয়ায় ৪ জন এবং আদমদীঘি উপজেলায় একজন রয়েছেন।
এ নিয়ে বগুড়ায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১১৮৬ জনে। তাদের মধ্যে মোট সুস্থ হয়েছেন ৮৬ জন।
এদিকে বগুড়া শহরের মালতিনগরে বাড়িতে চিকিৎসাধীন এক করোনা রোগী শুক্রবার রাতে মারা গেছেন।